বগুড়ার শেরপুরে ভবানীপুর বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করলেন ইউএনও
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ভবানীপুর বাজারে সরকারি খাসজমির ওপর নির্মিত অবৈধ ২৫টি আধাপাকা দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ২৯ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক খান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে ২৫টি আধাপাকা দোকানপাট নির্মাণ করেছিল অসাধু ব্যবসায়ীরা। এরই খবর পেয়ে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
অভিযানে শেরপুর উপজেলা প্রকৌশলী জনাব আব্দুল মজিদ, শেরপুর থানা ও ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন,ভবানীপুর বাজারে অবৈধভাবে সরকারি হাটের জায়গায় ২৫টি আদাপাকা ঘর নির্মাণ করেছিলেন ব্যবসায়ীরা। তারমধ্যে দুই থেকে তিনটি দোকানে মালামাল পাওয়া যায়। আর সবগুলো দোকান ঘর ফাকা থাকায় আমরা সবকয়টি দোকান ভেঙ্গে গুড়ে দিয়ে সরকারি হাঁটের জায়গা দখল মুক্ত করেছি। সেখানে এখন প্রতিদিনের ন্যায় হাট বাজার বসবে। কোন স্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করা যাবে না। সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ অব্যাহত থাকবে।