বগুড়ায় রাজশাহী বিভাগীয় রোলার স্কেটিং টুর্নামেন্ট শুক্রবার
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার আয়োজনে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী রাজশাহী বিভাগীয় রোলার স্কেটিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রায় দেড় শতাধিক ক্ষুদে স্কেটার অংশ নেবে।
টুর্নামেন্ট পরিচালনার জন্য বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ৬ সদস্যের একটি বিচারক ও কোচেস টিম ইতিমধ্যেই বগুড়ায় পৌঁছেছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীর নেতৃত্বে দলে রয়েছেন বিচারক মো. আসিফ ইকবাল, আবুল কালাম আজাদ ও মো. রবিন; সংস্থার সদস্য পূরবী মজুমদার এবং কোচ মুক্তার আহমেদ। আগমনের পর প্রতিনিধি দল বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর সন্ধ্যায় বগুড়া রোলার স্কেটিং ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ মো. আশরাফুল ইসলাম রহিত, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী মো. মারুফ আহমেদ সুমনসহ রোলার স্কেটিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি বের হবে ইনডোর স্টেডিয়াম থেকে। র্যালি সাতমাথা হয়ে জলেশ্বরীতলা কালি মন্দির ঘুরে আবার ইনডোর স্টেডিয়ামে শেষ হবে। সকাল ১০টায় ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিকেল সাড়ে ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানও ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোছাদ্দেক হোসেন।