বগুড়ার শেরপুরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলায় ইউপি সদস্য ও প্রভাষকের মোটরসাইকেল চুরি
শেরপুর(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলায় ইউপি সদস্য ও প্রভাষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।এসব ঘটনায় বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা যায়,সম্প্রতি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়পুর, কাঁঠালতলা, শেরুয়া গড়েরবাড়ী এলাকায় মাদক ব্যবসা জমজমাট আকার ধারণ করে। ফলে উঠতি বয়সি তরুণ -যুবকরা বিপদগামী হতে শুরু করেন।এছাড়া মাদকের এই অবৈধ পল্লীতে নতুন নতুন কিশোর শিক্ষার্থীরাও যুক্ত হোন।ফলে মাদকের ভয়াবহ বিস্তারে অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।এমন পরিস্থিতিতে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়।এমনকি এই এলাকাটিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দেন ওই ইউপি সদস্য। তাঁর সঙ্গে ওই মাদক বিরোধী আন্দোলনে স্থানীয় একটি মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুর রহমানসহ নানা শ্রেণী পেশার মানুষও যুক্ত হোন। এক পর্যায়ে এলাকাটিতে মাদক বিক্রি বন্ধ হয়ে যায়।এত করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে গত রবিবার (২৮ সেপ্টেম্বর)রাতে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে এবং গত বুধবার (১ অক্টোবর) রাতে প্রভাষকের বাড়ি থেকে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি নিয়ে যায় তারা।
ভুক্তভোগী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির ভিতরে রেখে দরজা তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।পরদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মোটরসাইকেলটি নেই।পরে বাড়ির পিছনের দরজায় গিয়ে দেখেন তালা ভাঙ্গা ও দরজা খোলা ।সম্ভবত এই দরজা দিয়েই তার ব্যবহৃত বাজাজ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে সংঘবদ্ধ চক্রটির সদস্যরা।
আরেক ভুক্তভোগী প্রভাষক আব্দুর রহমান বলেন,বাড়ির প্রধানফটকে তালা ভেঙ্গে সম্ভবত চক্রটির সদস্যরা বাড়ির ভিতরে প্রবেশ করেন। সেইসঙ্গে বারান্দায় রাখা তার ব্যবহৃত হিরো মোটরসাইকেলটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যান তারা।
এই দুই ভুক্তভোগীর দাবি, এলাকায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার কারণেই তাদের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন,মোটরসাইকেল দুটি চুরি যাওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি।গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সহ খোয়া যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করেন তিনি।