বগুড়ায় প্রবাসীর মা হত্যায় জড়িত দুই আসামি গাজীপুরে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ১৮:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৩ বার।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সৌদি প্রবাসীর মা শাহিনুর খাতুন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে থানায় হস্তান্তর করা হলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। 

 বৃহস্পতিবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হাজী বারেক মার্কেট ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ক্লুলেস হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামিরা আত্মগোপনে ছিলেন। 

 

গ্রেপ্তারকৃতরা- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাটাখালী মহল্লার ইদ্রিস আলীর ছেলে সৈকত হোসেন (৩০), একই এলাকার খোকন আকন্দের ছেলে শিপলু মিয়া (৩০)। আলোচিত হত্যা মামলায় এরআগেও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সারিয়াকান্দির গোয়াল বাথান মহল্লার আব্দুস ছালেকের ছেলে সাফায়েত জামিল শুভ (৩১) এবং রামনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে তুষার আহম্মেদ শিলু (২৭। 

 

উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার গোয়াল বাথান এলাকার নিজ বাড়িতে গত ৩১ আগস্ট রাতে খুন হন সৌদি প্রবাসীর মা শাহিনুর খাতুন (৫০)। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। হাত-পা বেঁধে এবং মুখে গামছা ঢুকিয়ে তাকে হত্যা করে দূর্বৃত্তরা।