নওগাঁয় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এক কিশোর নৌকা থেকে পড়ে নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ২১:৫৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১০ বার।

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনি (১৬) নামের এক কিশোর নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫ টার দিকে রনি নৌকা থেকে পড়ে যায়। তাকে উদ্ধারে অভিযান চালিয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন আলম বলেন, বিকেল ৫ টার দিকে খবর পাই আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে এসে দুই কিশোর নৌকা থেকে পানিতে পড়ে যায়। সাথে সাথে এক যুবক তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাপ দিলে একজনকে উদ্ধার করতে পারলেও রনিকে খুঁজে না পেয়ে উঠে আসে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাদেবপুর স্টেশন অফিসার আশরাফুর রহমান বলেন, আমরা খবর পাওয়ার পর পর ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে আসি। পানির নিচে আমাদের ডুবুরি দল দুই ঘন্টা উদ্ধারের জন্য চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। রাজশাহী থেকে উদ্ধার টিম আসলে তাকে উদ্ধারে আবারও চেষ্টা চালানো হবে।