বগুড়ার শেরপুরে অটোরিক্সা চালক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ২২:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আবু বক্করকে হত্যা করে অটো ছিনতাইয়ের মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি নুরে আলম জুয়েল (৩৬) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

 

২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর দিবাগত রাত ৮টায় ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় আরও এক আসামি উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে সুমন সরকার (৩৭) কে গ্রেপ্তার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার আবু বক্কর জীবিকার সন্ধানে নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। ২রা অক্টোবর অটো রিক্সাটি উদ্ধার হলেও অটো ব্যাটারি ছিলনা। চালককেও পাওয়া যায়নি। নিখোঁজের ৮ দিনপর গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বাগড়া তাল পুকুরে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে। পরে, অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় জুয়েল ও সুমনকে আটক করা হয়েছে।

 

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।