বগুড়ায় নাঈম-রনির ব্যাটে সেন্ট্রাল জোনের প্রথম জয়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আজ বিসিএলের লড়াইয়ে ব্যাটে-বলে দাপট দেখাল সেন্ট্রাল জোন। নাঈম শেখের দায়িত্বশীল ব্যাটিং আর শেষ দিকে আবু হায়দার রনির বিধ্বংসী ইনিংসে ভর করে ইস্ট জোনকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট্রাল জোন।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুয়াশাভেজা কন্ডিশনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না ইস্ট জোনের। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও জাকির হাসান চমৎকার সূচনা এনে দেন। তবে ৭ম ওভারে দলীয় ৪২ রানে ব্যক্তিগত ২৭ রান করে তাসকিন আহমেদের বলে বিদায় নেন ইমন। এরপর জাকিরের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন অমিত হাসান।

 

 

মধ্যভাগে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইস্ট জোন। অমিত হাসান (২৬), জাকির (৪৫), অধিনায়ক ইয়াসির আলী রাব্বি (৩৭) ও মুমিনুল হক (৩৪) উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। শেষ দিকে নাঈম হাসানের ২৬ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৩৭ রান তুলতে সক্ষম হয় ইস্ট জোন। সেন্ট্রাল জোনের হয়ে রাকিবুল হাসান ৩টি এবং তাসকিন আহমেদ ও রিপন মন্ডল ২টি করে উইকেট নেন।

 

জবাব দিতে নেমে শুরুতেই সাইফ হাসানের (৭) উইকেট হারিয়ে হোঁচট খায় সেন্ট্রাল জোন। তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস মেরামত করেন ওপেনার নাঈম শেখ। মাঝপথে দ্রুত কয়েক উইকেট পতনে হারের শঙ্কা জাগলেও পাল্টে যায় দৃশ্যপট। বোলার আবু হায়দার রনিকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন নাঈম। দুজনের ৭৪ রানের মারকুটে জুটি জয়কে সহজ করে তোলে।

 

নাঈম শেখ ৮৩ রানে আউট হলেও রনি অপরাজিত থাকেন ৬৬ রানে। মাত্র ৪২ বলের এই ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন রনি। ১১ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন সৈকত।

 

এই জয়ের ফলে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সেন্ট্রাল জোন। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নর্থ জোন। আগামী ২৮ ফেব্রুয়ারি একই মাঠে লিগের শেষ ম্যাচে সাউথ জোনের মুখোমুখি হবে ইস্ট জোন।