বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা কমিটি ঘোষণার পর একজনের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ২১:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়ায় আরিফুর রহমান আকিবকে আহ্বায়ক ও আলী বিন আজমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ শাখার অনুমোদন দিয়েছেন।

তবে ছাত্রদলের একনিষ্ঠ সমর্থক ও কর্মী তাজনুর ইসলামকে অনুমতি ছাড়াই এ কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রাখায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি জানান, তাকে কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি এই পদ থেকে সজ্ঞানে পদত্যাগের ঘোষণা করছেন। পরবর্তীতে তার নাম বা পদ দিয়ে কুচক্রী মহল যদি কোনো অনৈতিক কার্যকলাপ করে তার দায়ভার তিনি গ্রহণ করবেন না।

তাজনুর ইসলাম আরও বলেন, তিনি ছাত্রদলের সমর্থক ও কর্মী। কাজেই তাকে অন্য কোনো সংগঠনে জড়ালে আইনগত ব্যবস্থা নিবেন।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় এবং বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি।