আগামীকাল বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ১৭:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামীকাল রবিবার সরকারি সফরে বগুড়ায় আসবেন।
 
প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
 
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাসভবন থেকে রওনা হয়ে তিনি দুপুর সাড়ে ১২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিজ বাসভবনে পৌঁছাবেন।
 
দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চিতলা খাল খনন কাজের উদ্বোধন করবেন। এ সময় একই ইউনিয়নে পল্লী বিদ্যুতের বিভিন্ন স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি।
 
এরপর দুপুর ২টায় আটমুল ইউনিয়নের বেতগাড়ী এলাকায় জেলা পরিষদ ও নেসকোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী।
 
বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরে বিকেল ৪টায় তিনি বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্বোধন করবেন।
 
সফরের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।