চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা
পুণ্ড্রকথা ডেস্ক
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় এক হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে পৌরসভার বিজিবি ক্যাম্প পল্লানকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গনেশ পাল (৩৮) বিজিবি ক্যাম্প এলাকার বিশ্বনাথ পালের ছেলে। তিনি কক্সবাজার বড়বাজারে মুদির দোকানদার ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত গণেশের স্ত্রী শেফালি পাল ও ভাই আশীষ পাল জানান, বাড়ির মধ্যে সেপটিক ট্যাংক স্থাপন করতে গেলে স্থানীয় জিসান নামের এক ব্যক্তি চাঁদা দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার দুপুরে অতর্কিতভাবে গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জিসান। রক্তাক্ত অবস্থায় গনেশকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি ছমি উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়টি শোনা যাচ্ছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। অপরাধীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।