বগুড়ায় মহাসড়কে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা ও দখলের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সাথে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ দখল সরিয়ে মহাসড়ককে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
এছাড়াও অভিযানের সময় মহাসড়কে উল্টো পথে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও থ্রি-হুইলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালকদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
অভিযানে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রইছ উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. নুর হোসেন, পুলিশ সার্জেন্ট কে. এম. ফয়সালসহ শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, মহাসড়কে যান চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং, উল্টো পথে চলাচল এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। যারা আইন ও নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।