বগুড়ায় যুবলীগ-ছাত্রলীগের ইফতার মাহফিলের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ১৬:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২৩ বার।

বগুড়ার আদমদীঘিতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব এবং সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ বক্তব্য দেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

 

ইফতার শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

 

এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়।

 

 

আদমদীঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি আগে থেকে জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।