রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে মারপিটে আমির হোসেন প্রামানিক (৭০) ও তার ছেলে আলমগীর কবীর (৩৬) আহত হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার আবাদপুকুর চারমাথা এলাকায়। আহতরা উপজেলার কালীগ্রাম মন্সিপুর গ্রামের বাসিন্দা। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত আমির আলীর ছেলে জাহাঙ্গীর আলম জানান,আবাদপুকুর চারমাথা মোড়ের একটু অদুরে কালীগঞ্জ সড়কের পাশে তাদের পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি আবাদপুকুর বাজার চারমাথা এলাকার আলহাজ্ব মোফাজ্জল হোসেন মন্ডল প্রায় ২০বছর ধরে জবর দখল করে আছে। দখলকৃত জমির মালিকানার কাগজপত্র দেখতে চাইলে মোফাজ্জল হোসেন কোন কাগজপত্র দেখায়না। এসব নিয়ে বেশ কয়েকবার বৈঠক বসলেও বৈঠকে কোন কাগজপত্র দেখায়নি। আমরা আমাদের সম্পত্তি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখলে বার বার রাতের অন্ধকারে বেড়া খুলে ফেলে দিয়ে আবারো দখলের চেস্টা করে। এরই মধ্যে আবারো বেড়া দিলে সেই বেড়া খুলে ফেলে দিয়ে বুধবার রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মানের চেষ্টা করে। আমরা জানতে পেরে বাধা দেই। এর পর বৃহস্পতিবার সকালে বসে মিমাংশার কথা বলে বাবা এবং ভাইকে ডেকে নিয়ে মোফাজ্জলের ছেলে রুবেল ও রাজার নেতৃত্বে ৭/৮জন মারপিট করে আহত করে। দেখতে পেয়ে স্থানীয়রা বাবা এবং ভাইকে উদ্ধার করে
রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।
আলহাজ মোফাজ্জল হোসেন মন্ডল বলেন, প্রায় ৩০বছর আগে ওই ১৪শতক জায়গা ক্রয় করে নামজারি করে খাজনা দিয়েছি। সেখানে ধান ভাঙ্গা মিল স্থাপন করে ভোগ দখল করে আসছি। এছাড়া জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের ৩টি মামলা আদালতে চলমান আছে। এরই মধ্যে আমার নির্মানকৃত ঘর তারা ভেঙ্গে ফেলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,জায়গা জমি নিয়ে মারপিটের ঘটনায় মোফাজ্জল হোসেনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।