সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া জিলা স্কুলের ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ ২৩:২৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আল ওয়াহেদুল ইসলাম মেহেদী (১২)। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী শহরের জামিলনগর এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মনজুরুল ইসলাম তার ছেলে মেহেদীকে নিয়ে মোটরসাইকেলে করে গাবতলী উপজেলার মাসুদীগ্রামে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে শহরের উপকণ্ঠে সাবগ্রাম এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে মেহেদীর মৃত্যু হয়।

আজ শুক্রবার সকাল ৯টায় জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আ. ওয়াহেদ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মালেক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।