বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা: 'হিটস্ট্রোকে' রিকশাচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৭:৩১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৭ বার।

বগুড়ায় তীব্র গরমে ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (দুপুর ২টা) শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আবু সামাদ (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আজিজার রহমানের ছেলে।

 

 বিষয়টি নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।

 

 

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোক’-এ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

এদিকে, বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।