প্রেমিকার আস্থা অর্জনে এএসপির ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে যুবক আটক
পুণ্ড্রকথা ডেস্ক
রংপুরে বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের এএসপির ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান। এর আগে দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
দোকান মালিক মিজানুর রহমান জানান, আটক যুবক পুলিশের এএসপি পরিচয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য তার দোকানে আসেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আটককৃত যুবক জানান, তিনি আগে একটি কোম্পানিতে চাকরি করলেও এখন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি যাকে পছন্দ করেন তাকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলতেন। কিন্তু পছন্দের ওই মেয়ে তার কাছে আইডি কার্ড দেখতে চান। ফলে প্রেমিকার আস্থা অর্জন করতে পুলিশের এএসপি হিসেবে আইডি কার্ড বানাতে ওই দোকানে গিয়েছিলেন।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান জানান, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে, সে মানসিক রোগী। মানসিক চিকিৎসার প্রমাণপত্র নিয়ে ডাকা হয়েছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।