বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘন্টায় ভোট পড়েছে ৭ শতাংশ
স্টাফ রিপোর্টার
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকাল সাড়ে সাতটা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।
তিনি জানান, সকাল সাড়ে সাতটা থেকে সকাল ১০টা পর্যন্ত এই আড়াই ঘন্টায় ১৫০টি কেন্দ্রে ৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা করেন।
এদিকে, সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও পৌর এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি অনেক কম। অনেক কেন্দ্রে দুই ঘন্টায় ৩ থেকে ৪ শতাংশ ভোট পড়েছে।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।