বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ২০:২৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার মোকামতলার চকপাড়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার, সকালে আমতলিতে ইজিবাইক উল্টে চালক ও মঙ্গলবার সন্ধ্যায় ক্যানসারে মৃত ভাগিনাকে দেখে বাড়ি ফেরার পথে হাতিবান্ধা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হন। দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান ও শিবগঞ্জ থানার এসআই মুকুল মিয়া এসব তথ্য জানিয়েছেন।

 

নিহতরা হলেন- নওগাঁর মান্দার চক্রঘোনা গ্রামের কাদের বকসের ছেলে ট্রাকের হেলপার গোলাম মোস্তফা (৩২), শিবগঞ্জ পৌরসভার বনতেঘরি এলাকার আবদুর রশিদের ছেলে ইজিবাইক চালক মিনারুল ইসলাম (২৫) ও বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের ছায়েদ জামানের স্ত্রী খাতেমন বিবি (৬০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিজেল শেষ হয়ে যাওয়ায় একটি ট্রাক শিবগঞ্জের মোকামতলার চকপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বন্ধ হয়ে যায়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাঁশবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই হেলপার গোলাম মোস্তফা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেয়।

 

সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইক নিয়ে চালক মিনারুল ইসলাম মোকামতলা-জয়পুরহাট সড়ক দিয়ে আমতলির দিকে যাচ্ছিলেন। আমতলি এলাকায় একটি ফিলিং স্টেশনে কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইক সড়কের পাশে খাদে পড়ে গেলে চালক মিনারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। 

 

এ ছাড়া খাতেমন বিবির ভাগিনা শিবগঞ্জের মহাস্থানের নাগরকান্দি হাতিবান্ধা গ্রামের জিন্নাহ মিয়া (৫৫) ক্যানসারে মারা যান। খবর পেয়ে খাতেমন বিবি মরদেহ দেখতে হাতিবান্ধা গ্রামে আসেন। লাশ দেখে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। হাতিবান্ধা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খাতেমন বিবি মারা যান। 

 

পুলিশ জানায়, মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানা ও শিবগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।