নওগাঁর নিয়ামতপুরে শিশু সহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে বা অন্য কোনো পরিকল্পিত কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বিষয়টি জানতে পেরেছি। পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত সাপেক্ষে নিহতদের পরিচয় ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একই পরিবারের চারজনকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় বাহাদুরপুর ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।