বগুড়ায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ মে ২০২৬ ১৯:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ মে) সকাল পৌনে ১১টার দিকে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মানিক মিয়া (রোল নম্বর: ৪২৪৬০৯)। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী।

 

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলছিল। পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা চলাকালে মানিক মিয়া নকলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী তাকে পরীক্ষার কক্ষ থেকে বহিষ্কার করেন।

 

ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সেজাব উদ্দিন বলেন, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় ইউএনও মহোদয় তাকে বহিষ্কার করেছেন।