বগুড়ায় হবে কর্গোসুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দর
স্টাফ রিপোর্টার
বগুড়ায় বিমান বাহিনীর অধীনে পরিচালিত বিমানবন্দরকে কার্গো সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ওই বিমানবন্দরে বিমান ঘাঁটি এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য ফ্লাইং একাডেমি চালু করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এসময় তাঁর সঙ্গে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং স্থানীয় দুই সংসদ সদস্যসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে এরুলিয়া এলাকায় ছোট আকারের বিমানে যাত্রী পরিবহনের জন্য স্টল সার্ভিস বিমানবন্দর নির্মাণ করা হয়। অবশ্য ২০০৩ সালে এটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হলে সেখানে ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল চালু করা হয়। পরবর্তীতে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করার দাবি জানিয়ে আসছে। তাদের দাবির মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া সফর কালে এক জনসভায় স্থানীয় বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি পণ্য পরিবহনে কর্গো সার্ভিস চালুরও প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই গতকাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেন।
পরিদর্শন দলের অন্যতম সদস্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বগুড়াকে কৌশলগতকারণে গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে বলেন, এখানে একটি বিমান ঘাঁটি নির্মাণ করা হবে যেখানে জঙ্গী বিমান ওঠা-নামা করবে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।
বগুড়া বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে উন্নীত করতে হলে বিদ্যমান রানওয়েকে আরও প্রায় ৬ হাজার ফুট বর্ধিত করে ১০ হাজার ৫০০ ফুট করতে হবে। এজন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে।
বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর হলে পুরো উত্তরাঞ্চলসহ দক্ষিণাঞ্চলেরও অনেক জেলার মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু হবে।
বেসরমারিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা জানান, দেশের উত্তরাঞ্চলে কোন আন্তর্জাতিক বিমানবন্দর নেই বলেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়ার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের শিক্ষিত তরুণরা যাতে পাইলট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারে সেজন্য এখানে একটি ফ্লাইং একাডেমিও গড়ে তোলা হবে।