বগুড়ায় ধনাঢ্য ব্যবসায়ী রাহুল যাদবের আত্মহত্যা: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৪:৩৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় আত্মহত্যা করা ব্যবসায়ী রাহুল যাদবের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত রাহুলের বাবা নিরঞ্জন গোয়ালা।

 

মামলায় রাহুলের সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), তাঁর বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫) এবং প্রিয়ার বাবা প্রদীপ মহন্তকে আসামি করা হয়েছে।

 

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

 

 

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালে রাহুল যাদবের সঙ্গে প্রিয়া রানী মহন্তের বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রিয়ার সঙ্গে হৃদয় মহন্তের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার হৃদয় মহন্ত ও প্রিয়ার বাবা প্রদীপ মহন্তকে জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মেয়েকে কোচিং সেন্টারে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন প্রিয়া রানী। এরপর তিনি আর ফিরে আসেননি। কয়েক দিন পর তিনি হৃদয় মহন্তকে বিয়ে করেছেন উল্লেখ করে একটি হলফনামা পাঠান।

 

অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার সময় প্রিয়া রানী নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা এবং ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।

 

পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর চলে যাওয়া ও পরবর্তী ঘটনাগুলোতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল যাদব।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

পরিবারের দাবি, ফেসবুক স্ট্যাটাসেও ব্যক্তিগত ও পারিবারিক সংকটের বিষয় উল্লেখ করেছিলেন রাহুল।