সত্য ঘটনার ছায়ায় নির্মিত 'মুখোশ মুখো'র কারিগরি প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০২৬ ১৫:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

২০১৮ সালের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে বগুড়ায় নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মন'র সপ্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র " মুখোশ মুখো" । গত ৫ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছিলো। সম্প্রতি চলচ্চিত্রটির সম্পাদনার কাজ শেষ হয়েছে তাই চলচ্চিত্রটি প্রথম বগুড়াবাসীকে দেখানো ও সমালোচনা শোনার ২৩মে সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটির কারিগরি প্রদর্শনীর জন্য বিশেষ আয়োজন করেছে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। প্রদর্শিত হবে মধুবন সিনেপ্লেক্সে। 

নির্মাতা সুপিন বর্মন সূত্রে জানা যায় ' মুখোশ মুখো ' চলচ্চিত্রটি মূলত পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন যা ২০১৮ সালে বহুল আলোচিত বিচার বহির্ভূত একটি হত্যাকান্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়ানক সত্য ঘটনা উঠে এসেছে মুখোশ মুখো চলচ্চিত্রে। সুপিন বর্মন আরও জানান - মুখোশ মুখো মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশগ্রহণ করার জন্য নির্মিত, তাই বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর আগে টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক পর্যবেক্ষণ করা এবং সাধারণ দর্শকের সমালোচনা শোনার জন্য মূলত এই আয়োজন। এতে করে চলচ্চিত্রের বিভিন্ন দূর্বল পয়েন্টগুলো চিহ্নিত করা যায় এবং সাধারণ দর্শকের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়, দর্শক কি চায়, তাদের ভাবনাগুলো কেমন, এ বিষয়গুলো একজন নির্মাতার জন্য আগামিতে চলচ্চিত্র নির্মাণে দারুণ ভূমিকা রাখে। আর এ কারণে মধুবনের মতো একটি আধুনিক সিনেমা হলে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। চলচ্চিত্রটির বিশেষত্ব হলো এর অভিনয়শিল্পী ও কলাকুশলী সকলেই বগুড়ার এবং সম্পূর্ণ বগুড়ায় নির্মিত।

চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিভান বাদল। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনা ও বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত মুখোশ মুখো চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল,সাজিদ, রবি, , অভি, সবুজ, রথি স্বাধীন প্রমুখ। চিত্রগ্রহনে আশরাফুল ইসলাম, সম্পাদনায় অংকন সরকার, সঙ্গীতায়োজনে হিমেল। বিশেষ সহযোগিতায় ইন্টারনাল বাংলাদেশ এবং ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে সকলের সুপরিচিত ওটিটি প্লাটফর্ম বঙ্গ। মধুবন সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি সম্পূর্ণ ফ্রি দেখার সুযোগ করে দিয়েছেন মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার ইউনূস রুবেল। এজন্য বর্মন ফিল্ম তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নির্মাতা জানান আগামিতে চলচ্চিত্র নির্মাণের যাবতীয় কারিগরি সুবিধা বগুড়ায় পেলে আমরা নিয়মিত বগুড়ায় চলচ্চিত্র নির্মাণ করবো এবং বগুড়াকে চলচ্চিত্র নির্মাণের নতুন হাব হিসেবে পরিচিত করে তুলবো। তিনি 'পালোয়ান' নামে একটি নতুন ওয়েব ফিল্ম নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান।