বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও এক ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) ভোররাত ও সকালে এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রবিউল কাহালুর ওই ফিড মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং কারখানার ভেতরেই থাকতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানার কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

অপরদিকে, বুধবার সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল রাস্তার মাথায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে এক ট্রাকের সহকারী নিহত এবং চালক গুরুতর আহত হন।

 

নিহত সহকারীর নাম মো. ইনজামাম (২০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনী গ্রামের ইজ্জত আলীর ছেলে। আহত চালকের নাম মো. শামীম শেখ (৩৫)। তিনি একই উপজেলার খেদাপাড়া গ্রামের আরব আলী শেখের ছেলে।

 

হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রামের ফোকপাল এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি বালুভর্তি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শামীম শেখ ও সহকারী ইনজামাম কেবিনের ভেতরে আটকা পড়েন।

 

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত চালক শামীম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।