‘আপনারা মেইন আসামি ডলারকে ধরেন, সে মারছে রামিসাকে’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ ১২:৫৫ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৮৬ বার।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। প্রধান আসামি সোহেল রানা চিৎকার করে বলেন, ‘আপনারা মেইন আসামি ডলারকে ধরেন, সে মারছে রামিসাকে’

 

সোমবার (১ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের এই আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২ জুন) মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

 

এর আগে গত ২৪ মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন।

 

ওইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।