শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে অবশেষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আলোকিত অভিযাত্রা শুরু
নওগাঁ প্রতিনিধি
চলতি শিক্ষা বর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আলোকিত অভিযাত্রা শুরু হয়েছে। আজ রবিবার ৭ জুন হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের দুটি অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১১ জুন পর্যন্ত। আর দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম ও প্রত্যাশার পর জেলা বাঁসীর সেই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্মের পাশাপাশি একটি অঞ্চলের আত্মমর্যাদা, সম্ভাবনা ও অগ্রগতির নতুন ইতিহাসের সৃষ্টি হল । সেই সঙ্গে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা তেমনই এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনাবিন্দু।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে এই শিক্ষার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তাদের প্রত্যেকের এই অর্জন কঠোর অধ্যবসায়, মেধা ও স্বপ্নের ফসল। প্রতিটি বিভাগে ৪০ জন করে প্রথম বছরে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে । ভর্তি কার্যক্রম শেষ হলে খুব দ্রুতই শ্রেণী কার্যক্রম শুরু করা হবে।
জানা গেছে বাংলাদেশের কৃষি সমৃদ্ধ জনপদ নওগাঁ দীর্ঘদিন ধরে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। উর্বর ভূমি, পরিশ্রমী কৃষক এবং সমৃদ্ধ ঐতিহ্যের এই জনপদ আজ উচ্চশিক্ষার নতুন দিগন্তে প্রবেশ করছে। শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা নিঃসন্দেহে জেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক।
২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্নের নাম, সরকারি গেজেটের কয়েকটি পৃষ্ঠা এবং ভবিষ্যতের এক সম্ভাবনার প্রতীক। নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা এবং বিতর্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে বাস্তব রূপ দেওয়ার পথ কখনোই সহজ ছিল না। এমনও সময় এসেছে, যখন এই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছিল। কেউ কেউ বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, শিক্ষানুরাগীদের দৃঢ়তা এবং সংশ্লিষ্টদের অবিচল প্রচেষ্টার কাছে সেই সব প্রতিবন্ধকতা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।
আজ যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের স্বপ্ন বুনতে শুরু হয়েছে, সেটি একসময় ছিল অনেকের কাছে "কাগজের বিশ্ববিদ্যালয়"। কিন্তু সময়ের পরিক্রমায় অক্লান্ত পরিশ্রম, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং নিরলস প্রচেষ্টার ফলে সেই কাগজের বিশ্ববিদ্যালয় আজ বাস্তবের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা কার্যক্রমের সূচনা সেই বাস্তবতারই দৃশ্যমান প্রমাণ।
এই অর্জনের পেছনে রয়েছে অসংখ্য মানুষের শ্রম, ত্যাগ ও নিষ্ঠা। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাবিদ, নওগাঁবাসী এবং সর্বোপরি সরকারের সার্বিক সহযোগিতা ও সদিচ্ছা ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হতো না। তাদের প্রতি জেলাবাসীর গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
শিক্ষাবিদদের মতে একটি বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের প্রতিষ্ঠান নয়; এটি একটি অঞ্চলের জ্ঞানচর্চা, গবেষণা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র। নওগাঁ বিশ্ববিদ্যালয়ও ভবিষ্যতে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং এটি হবে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক ও মানবকল্যাণে নিবেদিত নাগরিক।
আজকের এই ৮০ জন শিক্ষার্থী শুধু একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ নন; তারা ইতিহাসের অংশ। ভবিষ্যৎ প্রজন্ম যখন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের গল্প বলবে, তখন তাদের নামও সেই ইতিহাসের প্রথম অধ্যায়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের হাত ধরেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের এক নতুন পথচলা, এক নতুন আলোকযাত্রা।
নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবাগত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা জানিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমরা বিশ্বাস করি, আগামী দিনে নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয় ঘিরে জন্ম নেবে নতুন নতুন সম্ভাবনা, প্রসারিত হবে জ্ঞান ও গবেষণার ক্ষেত্র, সমৃদ্ধ হবে নওগাঁ তথা সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থা। আজ তাই আনন্দের দিন, গর্বের দিন, ইতিহাস রচনার দিন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই শুভযাত্রা হোক জ্ঞানের আলোয় উদ্ভাসিত, সাফল্যে সমৃদ্ধ এবং আগামী প্রজন্মের স্বপ্নপূরণের নির্ভরযোগ্য ঠিকানা।
নবাগত সকল শিক্ষার্থীকে আবারও অভিনন্দন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা হোক আলোকময়, সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল।