ভাষাসৈনিক ও বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা ডা. মকবুল হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ জুন ২০২৬ ১৭:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর নাতি রেজাউল করিম রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রয়েল বলেন, আজকে বাদ এশা নারুলী মধ্যপাড়া রেল লাইন সংলগ্ন মকবুল সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

 

মৃত্যুকালে ডা. মকবুল হোসেন দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। ভাষা আন্দোলনে অবদানের কারণে তিনি ভাষাসৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন।

 

 

ডা. মকবুল হোসেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে তিনি আবার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান। পরবর্তী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।

 

 

তাঁর মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।