বগুড়ায় ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত আমিরুন বেওয়া উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। তিনি শহিদুল ইসলামের স্ত্রী।

 

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় চলাচলের সময় একটি ট্রলি আমিরুন বেওয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

 

 

স্থানীয়দের অভিযোগ, ট্রলিটিতে কোনো হেডলাইট ছিল না। অন্ধকারে দ্রুতগতিতে চলাচল করায় ট্রলিটি দেখতে না পেরে আমিরুন বেওয়া দুর্ঘটনার শিকার হন। তারা অবৈধ ও নিরাপত্তাহীনভাবে চলাচলকারী ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

 

খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

 

 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।