সন্তানদের নামে ইউনিয়নের নাম, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন গঠন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবগঠিত এই তিন ইউনিয়নের দুটির নাম নিজের দুই ছেলে সীমান্ত এবং দিগন্তর নামে করেছেন বলে অভিযোগ উঠেছে। আর একটি ইউনিয়নের নাম মিলে গেছে তাদের বাড়ি ‘মীরবাড়ীর’ নামে। ফলে এই বিতর্ক গড়িয়েছে জাতীয় সংসদ অধিবেশনেও।

 

সোমবার (১৫ জুন) সংসদের বৈঠকে বিরোধী দল বিষয়টি তুলে ধরে বলে, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদের নামকরণ হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে প্রতিমন্ত্রী দাবি করেন, অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।

 

বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলম। তার নির্বাচনি এলাকা শিবগঞ্জ উপজেলা ভেঙে গত মাসে মোকাতলা নামে পৃথক উপজেলা গঠন করা হয়। এরপর এই উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন করা হয়। সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত, দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত এবং ময়দানহাট্টা, শিবগঞ্জ (আংশিক) ও মোকামতলা ইউনিয়নের অংশবিশেষ নিয়ে গঠিত হয় স্বর্ণগ্রাম নামে নতুন আরেকটি ইউনিয়ন।

 

এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রীর পৈত্রিক বাড়ির নামও ‘মীরবাড়ী’। এসব ইউনিয়নের নামকরণের পরেই শুরু হয় সমালোচনা।

 

এরই পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেট আলোচনায় বিষয়টি সংসদে তোলেন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নাম তার মীর বংশের নামে ‘মীরবাড়ি’ নামকরণ করেছেন। দুটো ইউনিয়নের নামকরণ করা হয়েছে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তর নামে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান, সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরছে।

 

জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের এমন বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, তার ছেলেদের নামে নয়, স্থানীয়ভাবে প্রশাসনিক যাচাই-বাছাই এবং গণশুনানি করে এলাকার নামে নবগঠিত ইউনিয়ন দুটির নামকরণ করেছে জেলা প্রশাসক।

 

সংসদে প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত মোকামতলা ইউনিয়নে সৈয়দপুর ইউনিয়ন আয়তনে অনেক বড়। এই ইউনিয়ন ভেঙে সীমান্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে। কারণ, গাবতলী এবং সোনাতলা উপজেলার ইউনিয়নটি সীমান্তবর্তী। আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী। তা গাইবান্ধা জেলার সীমান্তবর্তী। দূরবর্তী হওয়ায় নাম দেওয়া হয়েছে দিগন্ত। যদিও দেউলী ইউনিয়নের নাম পরিবর্ত নয়, ইউনিয়নটি ভেঙে দিগন্ত নামে ইউনিয়ন গঠন করা হয়েছে।

 

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী শাহে আলম ১২টি প্রতিষ্ঠানের মালিক। এর একটি মীর সীমান্ত ফিলিং স্টেশন, আরেকটি মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি।

 

তবে সংসদে সমালোচনার কৈফিয়তে প্রতিমন্ত্রী বলেন, অলৌকিকভাবে আমার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম- ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।

 

সরকারি দলের এমপিরা এ সময় টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীকে সমর্থন জানান। মীর শাহে আলম তখন বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি যে দয়া করে বলেননি গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।’ তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দিগন্ত এবং সীমান্ত নামের স্থাপনার তালিকা সংসদে তুলে ধরেন।

 

গেজেট অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে গঠিত সীমান্ত ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। দেউলী ইউনিয়নের আটটি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।