বগুড়ায় চিকিৎসক নেতা ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে বগুড়া সদর থানায় নেওয়া হয়।
ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত চিকিৎসক ডা. সাফদার হোসেনের ছেলে। ডা. সামির হোসেন মিশু এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয়ভাবে ডা. সামির হোসেন মিশু ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। তিনি পুন্ড্র পদকও পেয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক বন্ধু স্বপনের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাতে হোটেল মকটেলে যান ডা. মিশু। সেখানে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি মহলের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপত্তার স্বার্থে শেরপুর থানায় নিয়ে যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. মিশুকে থানায় আনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।