বগুড়ায় প্রবাসীর মাকে হত্যাচেষ্টা, ২ আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনটে সৌদি প্রবাসীর মাকে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী প্রবাসীর মা শাহনাজ বেগম বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।
শাহনাজ বেগম উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের দিনমজুর জামাল আকন্দের স্ত্রী। অভিযুক্ত আদম ব্যবসায়ীরা হলেন, উপজেলার কান্তনগর-চরপাড়া গ্রামের আজিজল সরকারের ছেলে মাহমুদুল ইসলাম সরকার (৫০) ও শেরপুর উপজেলার ঝাঝর গ্রামের জেলদার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়মিমুল গ্রামের দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদৎ হোসেন একজন বেকার যুবক। গত ২৪ জানুয়ারী আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর জন্য ওই দুই দালাল প্রবাসীর মা-বাবার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্ত সেখানে নিয়ে গিয়ে শাহাদতকে কোন কাজ দেয়নি দালালচক্র। এ অবস্থায় সৌদি আরবে খেয়ে না খেয়ে দিন পার করতে থাকেন শাহাদৎ। এ বিষয়টি নিয়ে প্রবাসীর মা ২১ জুন সকাল ১০টার দিকে কান্তনগর গ্রামে মাহমুদুলের কাছে যান এবং ছেলেকে নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহমুদুল ও আরিফুল তাকে মারপিট ও হত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় ২১ জুন প্রবাসীর মা শাহনাজ বেগম বাদি হয়ে মাহমুদুল ও আরিফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত শেষে ১৪ জুলাই থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার পর আসামিরা পলতাক থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলা আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।