বগুড়ায় অপহরণের চেষ্টার সময় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ১০:৪৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার সময় ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে খোরশেদকে রক্ষা করতে তাঁর দুলাভাই রঞ্জু মিয়া ও রঞ্জুর ছেলে জুবায়ের এগিয়ে যান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

 

এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আহত খোরশেদ আলম ও জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের বলেন, ‘আমি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে যাই। গিয়ে দেখি, ৮-৯ জন আমার বাবাকে মারধর করছে এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে তারা আমার বাবাকে ছুরিকাঘাত করে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’

 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।