গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়ায় জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬ ১৯:৫২ ।
পঠিত হয়েছে বার।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় গণমিছিল করেছে জামায়াত। শনিবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে নগরীর নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি গণভোটের পক্ষে জনগণকে ভোট দিতে বললেও নির্বাচনে জয়ের পর সরকার গঠন করে সব ভুলে গেছে। গণভোটের রায়কে অস্বীকার করে এখন তারা সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জামায়াত নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ২০২৪ সালের এই আগস্ট মাসেই দেশের মানুষ গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। সেই খুনিদের শাস্তির জন্যই জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। অথচ বিএনপি সেই রায়কে অস্বীকার করে নিজেরাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ নতুন করে আর কোনো দলকে ফ্যাসিস্ট হতে দেবে না বলেও নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দেন।


আরও পড়ুন