বগুড়ার এরুলিয়ায় এবার প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী স্ত্রী নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়া প্রাইভেটের কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন৷ এতে আহত হয়েছেন আরও একজন৷ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন- বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাবুল হাসান(৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি। নিহত বাবুল হোসেন পেশায় স্বর্ন ব্যবসায়ী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী।
পুলিশের এই কর্মকর্তা জানান, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁগামী যাচ্ছিলেন বাবুল হাসান। এসময় তাঁর স্ত্রী ও নাতী সাথে ছিল। পথিমধ্যে একইদিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তার স্ত্রী জেসমিন ও নাতীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতী বর্তমানে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন৷ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷
এর আগে, শুক্রবার সকালে এরুলিয়া এলাকাতে নিয়ন্ত্রণ বাসচাপায় সাতজন নিহত হন।