বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, প্রধান আসামি চালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬ ১৮:২১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫৩ বার।

বগুড়ার এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

 

বৃহস্পতিবার ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেপ্তার নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আয়েজ উদ্দিন।

 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট সকাল ছয়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন।

 

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান ফিরোজ আহমেদ। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়।

 

ফিরোজ আহমেদ বলেন, ঘটনার পর থেকেই পলাতক বাসচালককে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর নেছারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।