সয়াবিন তেলের দাম ফের বাড়ল
দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা। ফলে আগের তুলনায় ভোক্তাদের প্রতি লিটারে ৫ টাকা বেশি গুনতে হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম, আমদানি ব্যয় এবং দেশের বাজারের সামগ্রিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দাম বাড়ানোর পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, “আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। এটা আমরা সমন্বয় করে দিয়েছি।”
বাণিজ্য সচিব বলেন, “বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনও সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১৯৫ টাকা থেকে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৯৯ টাকা। কয়েক মাসের ব্যবধানে এবার আবারও দাম বাড়ল।