বগুড়ায় পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হাসান (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ হাসান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির গরুর গা ধোয়ানোর জন্য পানির মোটর চালু করতে বিদ্যুৎ সংযোগ দিতে যান জিহাদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান তিনি।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিহাদ হাসানকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।