বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি শহিদ বেকারিকে লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে একটি বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেছে যৌথ অভিযানকারী দল। একই সঙ্গে কারখানাটিতে পায়ে ডলে তৈরি করা ময়দার ডো, চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণ এবং পোড়া তেল ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় অবস্থিত শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এসআরবি-১২ এর যৌথ উদ্যোগে এ মনিটরিং চালানো হয়।
জানা গেছে, বুধবার কারখানাটিতে ঢুকতেই দেখা মেলে বিশৃঙ্খল ও নোংরা পরিবেশের। সেখানে খালি পায়ে মাড়িয়ে খামির বা ময়দার ডো তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, পোড়া তেল ও কাপড়ে দেওয়ার মতো নন-ফুড গ্রেড বিষাক্ত রঙ ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছিল। প্রস্তুত করা চানাচুর ময়লা মেঝেতে ঢেলে খালি পায়ে মাড়িয়ে মসলা মাখাতে দেখা যায় কর্মচারীদের। এছাড়া পুরো রান্নাঘরে ছিল তেলাপোকা ও অন্যান্য পোকা-মাকড়ের প্রাদুর্ভাব, আর খাদ্যকর্মীদের কারও গায়েই ছিল না কোনো স্বাস্থ্যসুরক্ষা পোশাক।
এ সময় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার মতো গুরুতর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানে কারখানাটি থেকে পায়ে মাড়িয়ে তৈরি করা প্রায় ৮০ কেজি ময়দার ডো, চামড়া প্রক্রিয়ায় ব্যবহৃত ৭০ কেজি শিল্প লবণ এবং খাবার অযোগ্য ৮০ কেজি পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদি হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মনিটরিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ ও ভোক্তা অধিকারের অফিস সহকারী মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল এসআরবি-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদি হাসান জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত খাবার নিশ্চিত করতে সরকারি আইন ও বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।