বগুড়া শজিমেক হাসপাতালে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, হাসপাতালে ৫১ রোগী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১৫:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭২ বার।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

মারা যাওয়া যুবকের নাম আনন্দ মন্ডল(৩৮)। তিনি সিরাজগঞ্জের কাজিপুরের বাসিন্দা। বুধবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।

 

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, গত দুইদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আনন্দ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত বিভিন্ন সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

 

বগুড়ার সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রুগী মারা গিয়েছেন। বর্তমানে জেলায় ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।