শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আকবরিয়ার কর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২০:৪১ ।
পঠিত হয়েছে ২ বার।

সকল ধর্মের মূল বাণী প্রেম, মৈত্রী, শান্তি ও সম্প্রীতি। ধর্মীয় উৎসব মানুষের জীবনে নতুন প্রাণ ও নির্মল আনন্দের সঞ্চার করে। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে সব ধর্মের মানুষের পারস্পরিক অংশগ্রহণ, সহযোগিতা ও সহমর্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসব কেবল সমাজের ইতিহাস ও সংস্কৃতির ধারক নয়, বরং মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করারও অন্যতম মাধ্যম। এই চেতনাকে ধারণ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আকবরিয়া লিমিটেডের সনাতন ধর্মাবলম্বী কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আলী আলাল।

 

 

বৃহস্পতিবার শহরের দত্তবাড়ীর কর্পোরেট কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শতাধিক সনাতন ধর্মাবলম্বী কর্মচারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

বিতরণকালে হাসান আলী আলাল বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ দেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে মিলেমিশে বসবাস করে আসছেন। আকবরিয়া একটি পরিবার। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন। কর্মীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং কর্মীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। নাগরিক হিসেবে ধর্মীয় উৎসবগুলোকে প্রাণবন্ত করে তুলতে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। সনাতন ধর্মাবলম্বী কর্মীদের এই বৃহৎ ধর্মীয় উৎসবে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে। এ ধরনের মহতী উদ্যোগের ক্ষেত্রে অতীতেও কোনো কার্পণ্য ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল, উপব্যবস্থাপনা পরিচালক আরমান খোসাইন, রাজিব আহসান সিজার, পরিচালক ইকবাল নুর শুভ, আদনানুল ইসলাম, আশিক ইবনে হাসান, আল আমিন ইবনে হাসান, আবিদ হাসান, সিওও ইব্রাহীম মাসুম, কামাল পাশাসহ প্রমুখ।


আরও পড়ুন