জমি নিয়ে বিরোধ নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ; আহত ৯

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২০:৪৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৫ বার।

জমি নিয়ে বিরোধের জের ধরে নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ৯ জন । বুধবার দুপুর ১ টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রনইল নিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওসমান গনি নামের এক জনকে আটক করেছে । 

আহতরা হলেন- রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং প্রতি পক্ষের রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়। এবং আটককৃত ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুলের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধপূর্ণ জমি নজরুল তাদেরকে বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। এক পর্যায় স্থানীয় মাতব্বররা শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমানকে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেয়। এরপর থেকে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যায়। এসময় উভয় পক্ষের ৯ জন আহত হয়। তাদের মধ্যে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৬জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এবিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।