বগুড়ার শেরপুরে বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ২১:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬ বার।

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ ঘটনায় মো. আবুল হোসেন (৫৮) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) জয়নুর আবেদীনের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তীর অংশগ্রহণে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী জান্নাত এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির একপর্যায়ে বাসের বাম পাশের আসনে বসে থাকা যাত্রী মো. আবুল হোসেনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার আবুল হোসেন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারি কমলার বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নবাব আলী।

 

পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের পর বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শেরপুর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। 

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একরাম হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।