নওগাঁয় ২৫ হাজার জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ২৫ হাজার টাকার জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল জব্বার ও্লেই এলাকার আলেক শিকদারের ছেলে। তিনি ওই এলাকার রুহুল আমিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করে জাল নোট বাজারজাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন গোপন তথ্য পায় জেলা গোয়েন্দা পুলিশ। এর ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে আব্দুল জব্বারকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, জাল নোটসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।