বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য মাইল ফলক। সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে এদিন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল।’
এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা বা মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদএবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৭ টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিরসের কর্মসূচি শুরু হয়। পরে বগুড়া প্রেসক্লাবে দিবসের গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া বিকেলে বগুড়া জেলা স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দেশাত্মবোধক গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।