বগুড়ায় শিমু বেকারিতে মেয়াদোত্তীর্ণ কালার-ফ্লেভারে পণ্য তৈরি, চার লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ২০:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১ বার।

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ কালার, ফ্লেভার ও খাদ্য উপকরণ ব্যবহার করে বেকারি পণ্য তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মোড়কজাত করার দায়ে এক ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বিসিক শিল্প এলাকায় শিমু বেকারিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবু লায়েস পায়েল দোষ স্বীকার করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাকে চার লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযানে বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মোড়কজাত করতে দেখা যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কালার, ফ্লেভার ও বিভিন্ন খাদ্য উপকরণ ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এসব উপকরণ দিয়ে তৈরি খাবার শিশুদেরসহ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।