বগুড়ায় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৯:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮ বার।

বগুড়ার ধুনটে সাত বছর বয়সী নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ জনতা তার মুদি দোকান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে মিলন হোসেনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিলন ওই গ্রামের ওসমান গনির ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুর প্রতিবেশী দাদা।

জানা গেছে, জীবিকার প্রয়োজনে মিলন হোসেনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় থাকেন। গত তিন বছর ধরে তিনি বাড়ির পাশে একটি মুদি দোকান দিয়ে গ্রামে একাই বসবাস করছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশুটি তার দোকানে চিপস কিনতে যায়। অভিযোগ রয়েছে, তখন কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন। একপর্যায়ে মিলনের হাতে কামড় দিয়ে শিশুটি নিজেকে রক্ষা করে বাড়িতে চলে আসে।

বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবরটি ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মিলনকে গণধোলাই দিয়ে ধুনট থানায় সোপর্দ করেন। পরে বিক্ষুব্ধ জনতা তার দোকানঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।