কৃষি প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোন প্রয়োজন নেই : এমপি জাহিদুল ইসলাম ধলু

নওগাঁ প্রতিনিধি
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

দেশের প্রধান চালিকা শক্তিই হচ্ছে কৃষক। সেই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকরা পায় সেই বিষয়টি নিশ্চিত করার কথা উল্লেখ করে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষকদের অগ্রাধিকার সবার আগে। প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোন প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে সকল ফসলের উৎপাদন বৃদ্ধি করা। দেশের কৃষিখাতকে আরো সৃমদ্ধশালী করতে আগামীতে প্রণোদনার পরিমাণ আরো বৃদ্ধি করার কথা জানান তিনি।

ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।  

এ সময় তিনি সদর উপজেলার ৫ হাজার কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার ৫হাজার কৃষকদের মাঝে উন্নত জাতের ১কেজি সরিষা বীজ ও ২০কেজি রাসায়নিক সার (ডিএপি ১০কেজি ও এমওপি ১০কেজি) প্রণোদনার উপকরণ হিসেবে বিতরণ করা হচ্ছে। আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পুরনে প্রণোদনা দিয়ে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই কৃষি কর্মকর্তা।