নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদন: বগুড়ায় আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদনের দায়ে বগুড়া শহরে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আটাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে দেখা যায়, আটাপাড়ায় অবস্থিত আবিদ ট্রেডার্স নামে প্রতিষ্ঠানটি নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে তাল মিসরি উৎপাদন করছিল। এ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, নকল মোড়কে তাল মিসরি মোড়কজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

 

অভিযানকালে এসব অভিযোগ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় মেসার্স আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

 

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, জনস্বার্থে অনিরাপদ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।