বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর পরিচয়ে চাঁদা দাবি, জনতার হাতে আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার সদর উপজেলায় ভুয়া ফুড ইন্সপেক্টর পরিচয়ে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার উরদ্দিগোলা বাজারের শাহিন হোটেলে এ ঘটনা ঘটে।

 

আটক মেহেদী হাসান সদর উপজেলার নড়ুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান রিকশাযোগে উরদ্দিগোলা বাজারে এসে শাহিন হোটেলের সামনে নামেন। পরে হোটেলের ভেতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবেন বলেও হুমকি দেন।

 

হোটেল মালিক প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে পাঁচ হাজার টাকা দিতে চাইলে মেহেদী আরও উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

 

হোটেল মালিক শাহিন বলেন, তিনি আমার দোকানে এসে ভিডিও ধারণ করে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জরিমানা করার ভয় দেখান। সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

 

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।