কাহালুতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

বগুড়ার কাহালুতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ঢাকন্তা গ্রামের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে কাহালু থানা ও রেলগেট চারমাথা এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন হামলায় আহত গোলাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম, গ্রামবাসী শামীম হোসেন, আব্দুল বাসেতসহ অন্যরা। 

 

তারা বলেন, হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

 

সংশ্লিষ্টরা জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় উপজেলার মালনঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের মো. গোলাম হোসন (৭০) ও একই গ্রামের শহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মো. গোলাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় মামলা দায়ের করেন। 

 

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।